কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর অভিযোগ, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন ঘটনায় শুধু ক্ষমা চেয়ে দায় এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর বাংলাদেশি দুই তারকার চেহারা ব্যবহার করে তৈরি বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি পেজ হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে।
 এ ঘটনায় এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন পরীমনি। তাঁর ভাষ্য, ভিডিওটি আগে থেকেই ছিল, কিন্তু চ্যানেলের পেজের মাধ্যমে তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পেজ হ্যাক হওয়ার বিষয়টি উল্লেখ করেই পুরো দায় এড়ানো যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের আচরণেরও সমালোচনা করেন এই অভিনেত্রী। তাঁর বক্তব্য, অনেকে ভিডিওটি নিয়ে এমনভাবে আলোচনা করেছেন, যেন সেটিই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 
এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক নিয়ে কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরীমনি লাইভে আরও বলেন, ভিডিওটি নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা ও কটূক্তি না করে মানুষের উচিত বিষয়টি এড়িয়ে যাওয়া। তাঁর মতে, এ ধরনের বিকৃত কনটেন্ট ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। পরে শনিবার (১৭ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভটি সরিয়ে নেন পরীমনি। এ বিষয়ে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।’ এআই দিয়ে তৈরি ভুয়া বা বিকৃত ভিডিওর ঘটনা অনলাইনে ব্যক্তিগত মর্যাদা, সম্মতি এবং কনটেন্ট প্রচারের দায় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।