যশোর শহরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তার মাথা ফেটে গেলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডসংলগ্ন নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনের সড়ক দিয়ে হাঁটার সময় স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে গ্যারেজ মালিক হৃদয় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানান, হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। মেকানিক জাহাঙ্গীর তাকে ফোনে জানিয়েছেন, গালিগালাজকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অভিনেতার ওপর হামলার ঘটনায় স্থানীয় সংস্কৃতিসেবী ও বাসিন্দারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।