বিশ্বসুন্দরীর মঞ্চে ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতেই মিস ইউনিভার্সের মুকুট মাথায় তুলেছেন তিনি।
পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বসেছিল মিস ইউনিভার্সের ৭৫তম আসরের জমকালো আয়োজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়া এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন সুন্দরী অংশ নেন। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।
প্রতিযোগিতার একের পর এক ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত সেরা পাঁচে পৌঁছান ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা। চূড়ান্ত বিচারপর্বে প্রশ্নের উত্তর, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও মঞ্চে নিজেদের উপস্থাপনার মাধ্যমে যোগ্যতা প্রমাণের সুযোগ পান তারা।
সব বিচার-বিশ্লেষণ শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয় জেনিফার ব্যারেটোর। নিজ দেশের দর্শকদের সামনে এই সম্মান অর্জন তার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। তৃতীয় হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
চূড়ান্ত পর্বে নিজের বক্তব্যের মাধ্যমে বিশেষভাবে আলোচনায় আসেন ফিলিপাইনের প্রতিনিধি বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্স প্রতিযোগিতার গুরুত্ব কীভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়, বিচারকদের এমন প্রশ্নের জবাবে তিনি নারীদের অর্জন, অধিকার ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ঘরবাড়ি হারানো মানুষ এবং বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান।
মিস ইউনিভার্সের ইতিহাসে ফিলিপাইন এর আগে চারবার সেরার স্বীকৃতি পেয়েছে। ২০১৮ সালে ক্যাটরিওনা গ্রের হাত ধরে সর্বশেষ এই মুকুট পেয়েছিল দেশটি। এবার বিয়া শীর্ষ পাঁচে থাকলেও পঞ্চমবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব জয়ের স্বপ্ন পূরণ হয়নি ফিলিপাইনের।



