ঝালকাঠির নলছিটি উপজেলায় খোলা আকাশের নিচে পুত্রসন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার জানান, কয়েক দিন ধরে ওই নারী জুরকাঠি এলাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকেলের দিকে সবার অগোচরে কোনো ধরনের সহায়তা ছাড়াই তিনি সন্তান প্রসব করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে জানান।
খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে উদ্ধার করেন। পরে ওই নারীকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবজাতককে সাময়িকভাবে স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিনের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু জানান, ওই নারীর পরিবারের সন্ধান করার চেষ্টা চলছে। স্বজনদের পাওয়া গেলে মা ও সন্তানকে তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতককে আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।