শীতের আগমনে নতুন প্রাণ ফিরে পেয়েছে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ চলনবিল। দেশীয় পাখির পাশাপাশি পরিযায়ী পাখির আনাগোনায় জলাভূমি ও ফসলের মাঠজুড়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য।
নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার ১২টি উপজেলা নিয়ে বিস্তৃত দেশের বৃহত্তম চলনবিল এখন পাখিদের নিরাপদ বিচরণক্ষেত্র হয়ে উঠছে। একসময় এক হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকাজুড়ে বিস্তৃত এই বিল সংকুচিত হয়ে বর্তমানে প্রায় ৩৬০ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। এর কেন্দ্রস্থলে রয়েছে নাটোরের সিংড়া উপজেলা।
চলনবিলে এখন সাদা বক, পানকৌড়ি, ডাহুক, মাছরাঙা ও ঘুঘুসহ নানা দেশীয় পাখির দেখা মিলছে। পাশাপাশি শীতের অতিথি হিসেবে এসেছে বালিহাঁস, শামুকখোল, রাজসরালি ও কাদাখোঁচা। জলাভূমিতে মাছ, কাঁকড়া ও শামুকের প্রাচুর্য এবং ফসলের মাঠে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পাখিদের জন্য পর্যাপ্ত খাবারের জোগান দিচ্ছে। ফলে প্রতিদিনই বাড়ছে তাদের বিচরণ।
তবে পাখিদের এই নিরাপদ আবাসে হুমকি হয়ে উঠেছে অবৈধ শিকার। কারেন্ট জাল, কিল্লাঘর নামের বিশেষ ফাঁদ এবং এয়ার গান ব্যবহার করে একশ্রেণির শিকারি পাখি ধরছে। এতে চলনবিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ও জীববৈচিত্র্য রক্ষা সংগঠনগুলো যৌথভাবে কাজ করছে। সচেতনতা বাড়াতে উঠান বৈঠক, পথসভা ও প্রচারপত্র বিতরণের পাশাপাশি নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে আটকে রাখা শত শত পাখি উদ্ধার করে মুক্ত করা হয়েছে। জব্দ করা হয়েছে শত শত মিটার কারেন্ট জাল, কিল্লা ফাঁদ ও দুটি এয়ার গান। শিকারিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা প্রশাসনের অভিযানে কয়েকজন পাখি শিকারিকে এক থেকে দুই মাস পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া শামুক ও ঝিনুক সংগ্রহের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় তিন টন শামুক-ঝিনুক উদ্ধার করে চলনবিলে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পাখি ফসলের জমি থেকে ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। তাই পাখি হত্যা করলে কৃষির ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, এক যুগেরও বেশি সময় ধরে সংগঠনটি পাখি সংরক্ষণে কাজ করছে। দুর্গম এলাকায় গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহযোগিতা করা হচ্ছে। পাখি শিকারের তথ্য দিয়ে যারা সহযোগিতা করেন, তাদেরও পুরস্কৃত করা হয়।
পাখি রক্ষায় শিশু-কিশোরদের মধ্যেও সচেতনতা তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীকে গুলতি দিয়ে পাখি শিকারের প্রস্তুতি নিতে দেখে তাদের বুঝিয়ে বলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। পরে শিক্ষার্থীরা গুলতি ও মার্বেল জমা দিয়ে পাখি না মারার অঙ্গীকার করে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাখির উপস্থিতিতে চলনবিলের সৌন্দর্য বেড়েছে। এই দৃশ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন। পাখি সংরক্ষণে প্রশাসন জীববৈচিত্র্য রক্ষা কমিটির সঙ্গে কাজ করছে। শিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। চলনবিলকে পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের উদ্যোগ রয়েছে।
প্রকৃতির ভারসাম্য রক্ষা, কৃষির উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে চলনবিলের পাখিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এই প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখতে শিকার বন্ধের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।



