নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের কাছে দেওয়ার ঘটনাকে ঘিরে রাজশাহীতে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ। গভীর রাতে শুরু হওয়া এ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এতে কয়েকজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল নিক্ষেপ করে। তবে তাতেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনার সূত্রপাত সম্পর্কে মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন জানান, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।
তার অভিযোগ, এ ঘটনার পর জাদুঘর মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের কাছে দেশীয় অস্ত্র ও ককটেল ছিল বলেও দাবি করেন তিনি।
লিমনের আরও অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা হয়েছে। পরবর্তী সময়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যুক্ত হন। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি তার।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের এই নেতা।
তবে অভিযোগের বিষয়ে যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।