যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। এ লক্ষ্যে দেশটির ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
স্থানীয় সময় গত শুক্রবার ওয়াশিংটনে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
চুক্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে পূর্ণ অর্থায়নে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়টি। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
সমঝোতা অনুযায়ী, দুই প্রতিষ্ঠান উচ্চশিক্ষার মান উন্নয়ন, গবেষণা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এ সহযোগিতার অংশ হিসেবে পাঠ্যক্রম ও সিলেবাস আধুনিকায়নেও যৌথ উদ্যোগ নেওয়া হবে। অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, সাইবার নিরাপত্তা, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও সফটওয়্যার প্রকৌশলের মতো বিষয়ে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রয়োগ নিয়েও শিক্ষা এবং গবেষণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ অংশীদারত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণে ভূমিকা রাখবে।