এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফরম পূরণের নির্ধারিত ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণসহ প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে যারা আগের নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেননি, তারা নতুন সময়সীমায় সেই সুযোগ পাবেন।