পরীক্ষার ফল খারাপ হলেই শিক্ষকদের বেতন বন্ধ—এমন উদ্যোগ ঘিরে ময়মনসিংহের ভালুকায় বিতর্ক তৈরি হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন।
গত ১৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশ অতিক্রম করেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধ রাখতে হবে। ফলাফলের উন্নতি না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে।
ইউএনও জানিয়েছেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে তিনি সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন।
তবে উদ্যোগটির আইনগত বৈধতা নিয়ে আপত্তি তুলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করার ক্ষমতা উপজেলা প্রশাসন কিংবা মাউশির নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের।
মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানও চিঠির উদ্যোগকে এখতিয়ারবহির্ভূত বলে মনে করেন। তাঁর মতে, এমন পদক্ষেপে শিক্ষকরা অযথা হয়রানির মুখে পড়তে পারেন। প্রয়োজন হলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো উচিত ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার ১৮.৪ ধারায় নির্ধারিত শিক্ষার্থীসংখ্যা ও ফলাফলের শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিলের ক্ষমতা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। ফলে ভালুকা উপজেলা প্রশাসনের পাঠানো চিঠি নিয়ে শিক্ষা প্রশাসনে এখতিয়ারসংক্রান্ত প্রশ্ন দেখা দিয়েছে।