আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক গড়ে তুলতে প্রশিক্ষণের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান এনডিসি। তিনি বলেছেন, প্রশিক্ষণ শেষে ক্যাডেট ও ক্রুদের এমনভাবে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নিয়ম মেনে বিশ্ববাজারে কাজ করতে পারেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নাবিক ভর্তি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সচিব জানান, মেরিন একাডেমিতে ভর্তির আবেদন ও প্রক্রিয়াকরণসহ মোট ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ টাকা। তরুণদের জন্য কারিগরি পেশায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচিত ক্যাডেট ও ক্রুদের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে পেশাগতভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশের মেরিন খাতকে এগিয়ে নিতে হলে প্রতিটি একাডেমিকে শিক্ষার মান বজায় রাখার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।
আতাউর রহমান বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নাবিকেরা বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। তারা রেমিট্যান্স অর্জনের পাশাপাশি বাংলাদেশের মেরিন খাতের সুনামও বাড়াতে পারবেন।
সভায় অংশ নেওয়া মেরিন একাডেমিগুলোর প্রধানেরা দেশের মেরিটাইম খাতকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।



