শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এডিবির হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে। শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে এই সহযোগিতা আরও সম্প্রসারণ করা দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে এডিবি কার্যকর ভূমিকা রাখতে পারে।
বৈঠকে এডিবির পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশে সংস্থাটির বেশ কয়েকটি কার্যক্রম চলমান রয়েছে। আরও কিছু প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এডিবি আগ্রহী।
এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।