এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পরিবর্তনের প্রত্যাশায় পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র যাচাইয়ের আবেদন জমা পড়েছে। এতে অংশ নিয়েছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। আগামী ২৩ নভেম্বর এ কার্যক্রমের ফল প্রকাশ করা হবে।
রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, ৭ নভেম্বর আবেদনের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হয়। শনিবার রাতে সময়সীমা বৃদ্ধি করে রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছিল।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্রের আবেদন করেছিলেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি। সেই তুলনায় এবার আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।