এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানার পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানা গেলেও এবার এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানার পদ্ধতি
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে `HSC` লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: `HSC DHA 123456 2026`
অনলাইনে ফল দেখার উপায়
এসএমএস ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এ ছাড়া `eduboardresult.gov.bd` এবং `educationboardresults.gov.bd` ওয়েবসাইটে প্রবেশ করেও ফল দেখা যাবে।
প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা পরে অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।