নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে অর্থ জোগানদাতা ও পৃষ্ঠপোষকদেরও সতর্ক করেছে সংগঠনটি।
১৮ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের কথা জানায় শেকৃবি ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের যেসব নেতাকর্মী সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে সংগঠনটি। অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডের প্রমাণসহ তথ্য শেকৃবি ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবীর অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নৈরাজ্য সৃষ্টির জন্য অর্থের জোগানদাতা হিসেবে কাজ করছেন। তার দাবি, জুলাই-আগস্ট আন্দোলনের সময় মোটরসাইকেল শোডাউন করে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করতেই এ তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়েও এমন কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করেন তিনি।
শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, ক্ষমতার অপব্যবহার ও শিক্ষার্থীদের জিম্মি করে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং নির্যাতনের সঙ্গে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে কোনো হুমকি, চাপ কিংবা ষড়যন্ত্রের কাছে তারা নতি স্বীকার করবেন না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।