সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে সরবরাহ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে বই ছাপার মান নিয়ে কোনো ছাড় না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্র ব্যবহারকারী প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না।
বৃহস্পতিবার নয়, বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন। এ সময় তিনি বই ছাপার প্রক্রিয়া, কাগজের মান, মুদ্রণযন্ত্রের সক্ষমতা এবং ছাপার গুণগত মান পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব নেওয়ার পর নির্ধারিত মান বজায় রেখেই কাজ শেষ করতে হবে। কোনো প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বা কারিগরি সক্ষমতায় সীমাবদ্ধতা থাকলে দরপত্রে অংশ নেওয়ার আগেই তা বিবেচনা করা উচিত। এসব সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের মানের সঙ্গে আপস করার সুযোগ নেই।
পরিদর্শনের সময় কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও ছাপার অ্যালাইনমেন্টে ত্রুটি দেখতে পান ববি হাজ্জাজ। এ ধরনের সমস্যা যাতে বেশি সংখ্যক বইয়ে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। পাশাপাশি মুদ্রণকাজে মান নিয়ন্ত্রণ ও তদারকি বাড়ানোর ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বই ছাপা ও সরবরাহ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি বই নির্ধারিত মানদণ্ড মেনে তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে কোনো অবহেলা বা নিম্নমানের কাজ গ্রহণ করা হবে না।
তিনি নির্ধারিত সময়ের মধ্যে সব বই সরবরাহের পাশাপাশি আগামী বছর থেকে আধুনিক ও উপযুক্ত সক্ষমতাসম্পন্ন মুদ্রণযন্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে এনসিটিবি, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মুদ্রণপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।