প্রাথমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষার্থীদের বয়স, মেধা, সক্ষমতা ও শেখার প্রয়োজন বিবেচনায় নিয়ে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ব্যবস্থায় মুখস্থনির্ভরতার পরিবর্তে বাস্তব দক্ষতা অর্জন ও শিখনফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএক সাক্ষাৎকারে সরকারের এ পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম তৈরির দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়গুলোর পাঠদানের সময়ের অসামঞ্জস্য কমানো এবং প্রতিটি বিষয়ের পাঠ্যবস্তু শিশুদের বয়স উপযোগী ও সহজবোধ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষে খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ তৈরির পাশাপাশি বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ১৫১টি উপজেলায় এ কর্মসূচি চলছে। বাকি এলাকাগুলোতে কার্যক্রম সম্প্রসারণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরির কাজ চলছে। খাবারের মান ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে মায়েদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে তদারকি করা হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে শিক্ষকদের ডিজিটাল পাঠদানে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে। গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় শ্রেণিকক্ষের জন্য সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার কথা জানান প্রতিমন্ত্রী। এর মাধ্যমে পাঠদানের অগ্রগতি ও শিক্ষার্থীদের শেখার সমস্যাগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বিদ্যুৎবিহীন দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ বা বিদ্যালয়ে উপস্থিতি বাড়ালেই হবে না, প্রতিটি শিশু কতটা শিখতে পারছে সেটিই প্রধান বিবেচ্য। এ জন্য পাঠ্যক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, শিশুদের জন্য নিরাপদ শ্রেণিকক্ষ, উপযোগী আসবাব, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি এলাকার ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। সরকারের লক্ষ্য প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নৈতিকতা ও কর্মজীবন উপযোগী দক্ষতা গড়ে তোলা।


