মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। পাশাপাশি এলএনজি আমদানিতে সরকারকে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, দেশের জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে দেশের অর্থনীতিতেও তার সরাসরি প্রভাব পড়ে। জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়ার পাশাপাশি রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। একই সঙ্গে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন ব্যয় বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দামে।
অর্থ উপদেষ্টা বলেন, সরকার এমন একটি জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে, যা আর্থিকভাবে চাপগ্রস্ত এবং আমদানিনির্ভর। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় দেশে ডিজেলের মজুত ছিল মাত্র ১৭ দিনের। বর্তমানে তা বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণে সক্ষম জ্বালানি মজুত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়িতে দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তবে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেছেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী। তিনি বলেন, এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে তা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সৌর প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জামের কার্যকাল শেষ হওয়ার পর সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানিনির্ভরতা, সরকারি ভর্তুকি এবং আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার ঝুঁকি কমানো সম্ভব। তবে দীর্ঘমেয়াদি জ্বালানি প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকগুলোর সীমাবদ্ধতা রয়েছে। এ সমস্যা কাটাতে গ্রিন বন্ড ও সুকুক ব্যবহারের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
অন্যদিকে, সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। তার মতে, এ ধরনের অসংগতি বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।
সম্মেলনে দেশের জ্বালানি নিরাপত্তা, আমদানিনির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনা করেন।