জ্বালানি তেল, সার ও গম আমদানিসহ মোট ১৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ কেনার ট্যারিফ হার নির্ধারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিন ক্যাটাগরিতে ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার চারটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্রস্তাবের মধ্যে তিনটির সর্বনিম্ন দরদাতা হিসেবে তেল সরবরাহ করবে ট্রাফিগুরা পিটিই লিমিটেড। বাকি প্রস্তাবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানি করা হবে।

এ ছাড়া তিনটি পৃথক প্রস্তাবে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটস থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৩৪৭ দশমিক ৭৫ ডলার হিসাবে এতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা।

দেশের অভ্যন্তরীণ বাজার থেকেও ১০ হাজার মেট্রিক টন চিনি এবং সমপরিমাণ মসুর ডাল কেনার দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের দুটি প্যাকেজের কাজ বাস্তবায়নে পৃথক ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ কেনার জন্য পৃথক দুটি ট্যারিফ প্রস্তাবও অনুমোদন করা হয়। পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট বা ৬ টাকা ৭৮ পয়সা। এতে ২৫ বছরে মোট ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা।

অন্যদিকে রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে প্রতি ইউনিটের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২৮২৮ সেন্ট বা ৯ টাকা ১১ পয়সা। এ ক্ষেত্রে ২৫ বছরে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা।

এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দুটি পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ১৬৮ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং ১৪৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের জন্যও পৃথক ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ক্রয় কমিটির আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন ও কম্বল কেনার দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় সারাদেশে নিরবচ্ছিন্ন ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব ভ্যাকসিন কেনা হবে। একই অর্থবছরে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে কম্বল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।