চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬ হাজার ২৮৫ কোটি টাকার বেশি। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ২১৩ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয়। এর মধ্যে ১৯ থেকে ২৪ অক্টোবর—এই ছয় দিনেই এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ে, অর্থাৎ অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের পরিমাণ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। দুই সময়ের তুলনা করলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১১ দশমিক ৯ শতাংশ।




