সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও অন্যান্য অনিয়মের অভিযোগে দেশের ১৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ২৩টি টিম ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়া বন্ধ করাই ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য।অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার রাখা ও দেওয়া হচ্ছে কি না এবং সিলিন্ডারের নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না—এসব বিষয় পরীক্ষা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত ও সরবরাহে বাধা তৈরি করা হচ্ছে কি না, তাও দেখা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা রাখার পাশাপাশি সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির নির্দেশ দিয়েছে।ভোক্তাদেরও সিলিন্ডার কেনার সময় ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান ত্রুটি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মূল্যতালিকা দেখে রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন **১৬১২১** নম্বরে অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।বাজারে ন্যায্যমূল্য ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।