ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের ঘটনায় পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়টি সংগঠনটির নজরে এসেছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে পুরো জুয়েলারি খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সমীচীন নয় বলে মনে করে বাজুস।
একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, তারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এবং কোনো অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, দেশের অর্থনীতি, রাজস্ব আয় ও কর্মসংস্থানে জুয়েলারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ নীতিমালা ২০১৮-এর সংশোধিত সংস্করণসহ জুয়েলারি খাতকে সুশৃঙ্খল ও আধুনিক করার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে গত আট মাস ধরে সমন্বয় করে কাজ করছে বাজুস।
জুয়েলারি খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয় কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। এতে এ খাতে কর্মরত মানুষের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ড একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত।
কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।




