বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতার বদলে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তার মতে, শুল্কের মতো বাণিজ্যিক হাতিয়ার ব্যবহার করে প্রভাবশালী দেশগুলো অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতিকে নিজেদের পণ্য কেনার দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর ‘দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক ডিসঅর্ডার’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রেহমান সোবহান বলেন, বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় ঔপনিবেশিক মডেলের মতো প্রবণতা দেখা যাচ্ছে। শুল্ক ও রাজনৈতিক চাপের মাধ্যমে কোনো দেশকে নির্দিষ্ট পণ্য কিনতে বাধ্য করা হলে সেটি মুক্ত প্রতিযোগিতার ধারণার সঙ্গে সাংঘর্ষিক।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেও শুল্ক ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে ব্রাজিল, কানাডা, চীনসহ বিভিন্ন দেশ এবং এমনকি ভারতও চাপের মুখে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।
তার মতে, বাজারে প্রতিযোগিতার মাধ্যমে পণ্য বিক্রির পরিবর্তে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বাজার তৈরির চেষ্টা চলছে। এশিয়ার অর্থনৈতিক উত্থানের বিপরীতে পশ্চিমা বিশ্বের এটি এক ধরনের প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।
রেহমান সোবহান বলেন, উপনিবেশবাদের সময়ে সরাসরি ভূখণ্ড দখলের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হতো। বর্তমান সময়ে সেই জায়গায় শুল্ক ও বাণিজ্যনীতির মতো অর্থনৈতিক হাতিয়ার ব্যবহৃত হচ্ছে।
এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো প্রতিযোগিতামূলক সক্ষমতার মাধ্যমে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে। ফলে এশিয়া এখন বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
তার মতে, উন্নয়নশীল দেশগুলো এখন বিনিয়োগ, বৈদেশিক সহায়তা ও মূলধনের জন্য পশ্চিমা বিশ্বের ওপর আগের তুলনায় কম নির্ভরশীল।
উনিশ শতকের শেষদিকে মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলির সুরক্ষাবাদী নীতির প্রসঙ্গ টেনে রেহমান সোবহান বলেন, শিল্প সুরক্ষার মাধ্যমে অর্থনীতি পুনরুজ্জীবিত করার পুরোনো কৌশল বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতিগুলোর জন্য আগের মতো কার্যকর নয়। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও দুর্বল হয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।
তবে এশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রা থামানো কঠিন বলেই মনে করেন তিনি। ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে চলতি মূল্যের জিডিপির হিসাবেও চীন এগিয়ে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তার মতে, চীন ও ভারতের মতো দুটি বড় অর্থনীতির কাছাকাছি অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করেছে। তবে সেই সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের আমদানির বড় অংশ এশিয়ার দেশগুলো থেকে এলেও রপ্তানি এখনো সীমিত কয়েকটি বাজারনির্ভর। দেশের উৎপাদন খাত এশিয়ার সরবরাহ-শৃঙ্খলের সঙ্গে কিছুটা যুক্ত হলেও নতুন বাজার ও রপ্তানি সম্ভাবনা যথেষ্ট কাজে লাগানো হয়নি।
এশিয়ার আঞ্চলিক সরবরাহ-শৃঙ্খলে বাংলাদেশকে আরও গভীরভাবে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। অর্থনৈতিক বহুমুখীকরণ নিয়ে নানা পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের জায়গায় ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন রেহমান সোবহান।
বাংলাদেশের কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বঙ্গোপসাগরের পাশাপাশি দেশের স্থলভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। পদ্মা ও যমুনা সেতুর মাধ্যমে বাংলাদেশকে ব্যবহার করে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এবং ইউরোপের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।
একসময় বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে নিয়ে বিসিআইএম উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
এশিয়ার ভবিষ্যতের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে ভারত ও চীনের সম্পর্কের টানাপোড়েনের কথা বলেন রেহমান সোবহান। দুই দেশের সহযোগিতা বাড়লে এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশও তাদের বাজার, প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগ নিতে পারবে বলে মনে করেন তিনি।
মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে ইসরায়েলের ভূমিকারও সমালোচনা করেন রেহমান সোবহান।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠিত এবারের বে অব বেঙ্গল কনভারসেশনে শতাধিক দেশ থেকে প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।
শুল্ক দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: রেহমান সোবহান
বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতার বদলে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তার মতে, শুল্কের মতো বাণিজ্য
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


