দেশের অধিকাংশ এলাকায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশে সাময়িক মেঘের আনাগোনা থাকলেও আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে আজ সকালে রাজধানী ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।