অনলাইন জুয়ার অর্থ লেনদেনের আড়ালে কমিশন গ্রহণ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আরাফাত হোসেন (২২) নামের ওই যুবকের বাড়ি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায়।
গত ১৬ নভেম্বর রাত ৮টার দিকে যশোরের খোলাডাঙ্গা ও আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, অনলাইন জুয়ার অর্থ সংগ্রহ ও স্থানান্তরের কাজে নিজের পাশাপাশি বোনের বিকাশ হিসাবও ব্যবহার করতেন তিনি।
সিআইডির তদন্তে উঠে এসেছে, দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার হিসাব সংগ্রহ করত একটি চক্র। এসব হিসাব অনলাইন বেটিং সাইটে যুক্ত করে জুয়ার টাকা জমা ও উত্তোলন করা হতো। প্রতিটি লেনদেন থেকে কমিশন রেখে বাকি অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে পাঠানো হতো। পরে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলারে রূপান্তর করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তদন্তে আরাফাতের ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকার তথ্য পেয়েছে সিআইডি। তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও এ কাজে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বেকার থাকা সত্ত্বেও এসব হিসাবের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
সাইবার মনিটরিংয়ের মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন বেটিং সাইটের কার্যক্রম শনাক্তের পর এ ঘটনায় মামলা করে সিআইডি। ১৭ মে ২০২৬ তারিখে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়। মামলার তদন্তে অনলাইন জুয়ার অর্থ লেনদেনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম উঠে আসে।
এর আগে এ মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে টাঙ্গাইল থেকে সোলায়মান, সাগর মিয়া, জুয়েল রানা, বাবলু মিয়া, মনির হোসেন, নূর সাফায়েত ইপ্তি ও শামীম আল মামুন রয়েছেন। এ ছাড়া নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল, রাজশাহী ও ঝিনাইদহ থেকে রায়হান খান, পাভেল রহমান ভূঁইয়া, আবু জোবায়ের সানি, জসিম উদ্দীন, সুমন রায়, সৈয়দ জামান ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার অর্থের অবৈধ লেনদেন, পাচার এবং এর সঙ্গে জড়িত দেশি-বিদেশি নেটওয়ার্ক শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অনলাইন বেটিংয়ে অংশ না নেওয়া এবং এ ধরনের আর্থিক লেনদেন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।