রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ছয়জন হলেন ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান (৫৬), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন (৫৮), ১২ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক (২৩), একই ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী (৬২), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ (২১) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০)।
এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ৬৫ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।