রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। গত শনিবার( ১৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার মাসুম লালবাগ থানা যুবলীগের সক্রিয় সদস্য। তিনি লালবাগের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন শান্টুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অন্যদিকে হৃদয় হাসান কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় সদস্য। গ্রেফতার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



