রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) ও নন্দীপাড়া এলাকা থেকে ফাতেমা আক্তার (২০) নামের দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৃথক স্থানে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। খিলগাঁও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
খিলগাঁও থানার এসআই কাজী আবু জুবাইর জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিপাহীবাগের একটি বাসার পঞ্চম তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওডনা পেঁচানো অবস্থায় শামসুন্নাহারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিত্সাধীন ছিলেন। গত এক মাস ধরে তাঁর মানসিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। হয়তো এই থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এটা পরিবারের বক্তব্য।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার দক্ষিণ বাসুরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী ছিলেন শামসুন্নাহার বেগম। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।
এদিকে সোমবার রাত সাড়ে ১০ টায় নন্দীপাড়ার ভাড়া বাসা থেকে গৃহবধু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করেছেন খিলগাঁও থানার এসআই এরশাদ আলী। তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে স্বামীর বাসার নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। ছয় মাস আগে পারিবারিকভাবে ফাতেমার সঙ্গে রাকিবের বিয়ে হয়েছিল।
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ফাতেমা। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া নেওয়াজ বাগের কোবা মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন।




