রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) দুটি বিভাগ। তাদের মধ্যে দুজনকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এবং অপরজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম তমাল (২৬), মো. হাবিব (৩৮) ও মো. শামীম আহম্মেদ (৩১)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, শনিবার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালায় এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তমাল ও হাবিবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে একই রাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শামীম আহম্মেদকে গ্রেফতার করে এসআরইউর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় দুটি মামলা রয়েছে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।




