রাজধানীর অন্যতম সবুজ বিনোদনকেন্দ্র রমনা পার্কের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে অংশ নিয়েছেন পার্ককেন্দ্রিক ২৫টি সংগঠনের সদস্যরা। একই সঙ্গে পার্কের হাঁটার পথ আরও আধুনিক ও নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার সকাল ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রমনা সূর্যোদয়ের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা জয়নাল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবর রহমান তালুকদার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী শিপু, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এ খান বেলাল এবং আয়োজক সংগঠনের সৈয়দ আসিফ ইকবাল রিপন।
সমাবেশে বক্তারা বলেন, রমনা পার্কের গুরুত্ব শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; রাজধানীর পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এর বিশেষ ভূমিকা রয়েছে। তাই এই সবুজ প্রাঙ্গণকে আবর্জনামুক্ত রাখা এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পার্কের পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেন তারা।
এ সময় পার্কের ওয়াকওয়ে সংস্কার ও আধুনিকায়নের দাবি ওঠে। বক্তারা বলেন, নিয়মিত হাঁটা ও শরীরচর্চাকারীদের জন্য পথগুলো আরও নিরাপদ, সুন্দর ও চলাচলের উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন।
প্রধান অতিথি ওবায়দুর রহমান রমনা পার্কের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।




