হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের ভেতরে ও অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণসদৃশ বস্তু আনার অভিযোগে হাসান মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। তাঁর কাছ থেকে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটের যাত্রী হাসান মিয়ার ওপর নজরদারি করা হয়।
পরবর্তী সময়ে এক্স-রে পরীক্ষায় তার রেক্টামে লুকানো বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। পরে সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্টের সন্ধান পাওয়া যায়।
উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন শেষে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে অধিদপ্তর।
প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে সিআইআইডি। চক্রটির সদস্য ও নেপথ্যের সহযোগীদের শনাক্ত করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হবে।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়ার কথাও জানিয়েছে অধিদপ্তর।