ঢাকার নবাবগঞ্জে বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম)। একই সঙ্গে আগামী ২১ নভেম্বর কোমরগঞ্জ মাঠে অনুষ্ঠেয় একটি সমাবেশ বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের আশঙ্কা, ওই আয়োজনকে ঘিরে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছাড়। এ সময় ধর্মতত্ত্ব গবেষক ও লেখক ড. মোহাম্মদ আবদুল হাই, সংগঠনের উপদেষ্টা এবং অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৭ আগস্ট নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়নের রামনাথপুরে মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করা হয়। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংস্থাটি জানায়, গত ১৬ নভেম্বর আবদুল্লাহ খান পরিবারের নিরাপত্তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা চেয়ে তাদের কাছে লিখিত আবেদন করেন।
সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ, মসজিদ ও দরবার শরিফ এলাকায় পুলিশ মোতায়েন এবং নিয়মিত টহল নিশ্চিত করা। পাশাপাশি পরিবারের নিরাপদ বসবাস, নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।
এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফের সংস্কার এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করা হয়।




