রাজধানীতে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ বৃহস্পতিবারের অভিযানের তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য, অস্ত্রসহ নানা আলামত জব্দ করা হয়েছে।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে বেশি ১০৩ জন আটক হয়েছেন মিরপুর এলাকায়। এ ছাড়া তেজগাঁওয়ে ৬৩, উত্তরা ৫৩, ওয়ারীতে ৫২, গুলশানে ৪৮, মতিঝিলে ৪৭, রমনায় ৪০, লালবাগে ৫০ এবং গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা ও একটি অটোরিকশা। এ ছাড়া ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।




