চাকরির নিশ্চয়তা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে চাকরির মেয়াদ বৃদ্ধি, হয়রানি বন্ধ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ১৩ দফা দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. আব্দুল লতিফ মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান ড. এটিএম মমতাজুল করিম। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের মিডিয়া আহ্বায়ক শরিফুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করছে এসডিএফ। সংস্থাটির আরইএলআই প্রকল্পে বর্তমানে প্রায় ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের অনেকেই ১৫ থেকে ২৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
তবে প্রকল্পের অর্থায়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কর্মরতদের চাকরি এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর ২০২৬ সালের আগেই চাকরির মেয়াদ বাড়িয়ে নতুন প্রকল্পে বর্তমান, ফেইজ আউট ও ফিশারি বিভাগের কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেন তারা।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি বন্ধ, ল্যাপটপসহ বিভিন্ন পণ্য কেনাকাটায় অনিয়মের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সংস্থার সম্পদ বিক্রি বন্ধ করা। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা।