রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ১০ মিনিটের দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন তিনি। রাজধানীতে দলটির মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।




