রাজধানীর ডেমরায় নিখোঁজের চার দিন পর হামিদুল ইসলাম (১৩) নামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নড়াইবাগ এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরিফ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক কিশোরকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরার নড়াইবাগ এলাকায় বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠসংলগ্ন ঝোপে মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়ক খসরু জানান, গত ৭ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় হামিদুল। পরদিন তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ঘটনায় তদন্ত করতে গিয়ে আরিফের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী ঝোপ থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে আরিফ জানিয়েছে, সে হামিদুলকে ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এ সময় কিশোরটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং গলা টিপে হত্যা করে বলে স্বীকার করেছে অভিযুক্ত।
নিহত হামিদুলের বাড়ি বরিশালের কাজীরহাট উপজেলার আন্দারমানিক এলাকায়। বাবুল আকন্দের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেটসংলগ্ন নড়াইবাগ এলাকায় বসবাস করত হামিদুল। তার বাবা স্থানীয় একটি হলুদ-মরিচের দোকানে চাকরি করেন।




