রাজধানীর কলাবাগান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানান রবিউল ইসলাম নয়ন।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল জানান, যুবদলের নেতা-কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করার পর পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। এরপর থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তবে তাঁর ভাই মির্জা আনোয়ারের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেনি পুলিশ।
আটকের বিষয়টি জানিয়ে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন রবিউল ইসলাম নয়ন। সেখানে কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মির্জা আনোয়ারকে আটক করার দৃশ্য দেখা যায়। পোস্টে নয়ন দাবি করেন, নাশকতার পরিকল্পনার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়েছে।
ভিডিওতে রবিউল ইসলাম আরও অভিযোগ করেন, আটকের সময় পুলিশের একজন ডিআইজি তাঁকে ফোন করে মির্জা আনোয়ারকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’
তবে একই ভিডিওতে নেতা-কর্মীদের প্রতি আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশ দেন যুবদলের এই নেতা। তিনি বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’
অন্যদিকে, ভিডিওতে মির্জা আনোয়ার হোসেনকে নিজের রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার করতে শোনা যায়। তিনি দাবি করেন, কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।