রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যার পর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে আটক করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই মামলা থাকায় সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে মামলাটির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন। একই সময়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নরের দায়িত্বও পালন করেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়।
সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে তিনি বায়তুল মোকাররমে যান। সেদিন জুমার নামাজের আগে খুতবা পাঠ ও মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে তার অনুসারীদের সঙ্গে মসজিদের অন্য মুসল্লিদের সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়। এর দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
এর আগে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন মুফতি রুহুল আমিন।




