চাকরি স্থায়ীকরণ, নতুন উন্নয়ন প্রকল্প চালু এবং কর্মীদের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবি জানিয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির নেতারা।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তারা নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, এসডিএফের আরইএলআই প্রকল্পে কর্মরত প্রায় ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ জনবলকে কাজে লাগাতে হবে। মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের কর্মসংস্থান রক্ষায় সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন।
এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মো. আব্দুল লতিফ মিয়া এবং সংগঠনের মিডিয়া আহ্বায়ক শরিফুল ইসলামসহ অন্য নেতারা সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, এসডিএফের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দাতা সংস্থা বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটির অর্থায়ন বন্ধ করে দিয়েছে। এর পরিণতিতে দেশে প্রায় দেড় হাজার কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।
১৩ দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে আরইএলআই প্রকল্পের মেয়াদ ও অর্থায়ন বাড়ানো, এসডিএফের জন্য স্থায়ী জনবল কাঠামো তৈরি এবং নতুন প্রকল্পের মাধ্যমে বিদ্যমান কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করা। পাশাপাশি কর্মীদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে পদায়নের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানানো হয়েছে।
কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ, ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার এবং মাঠপর্যায়ে ভয়ভীতি ও হয়রানি বন্ধের দাবিও রয়েছে। এ ছাড়া নিয়োগ-বাণিজ্য, কেনাকাটায় অনিয়ম, পদোন্নতিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সংগঠনটির নেতারা আরও অভিযোগ করেন, গ্রাম সমিতির জন্য বরাদ্দ করা অর্থ ফেরত নেওয়ার উদ্যোগ বন্ধ করতে হবে। অতীতের অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠানের সম্পদ ও মালামাল বিক্রির অপচেষ্টা রোধের দাবিও জানান তারা।
সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদত্যাগ করতে হবে। কর্মীদের চাকরি ও প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।




