নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ঢাকা মহানগরসহ দেশের ২৭টি জেলার ৮৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অধিদপ্তরের ৪৩টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। একই দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য জানায় সংস্থাটি।
অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধে অভিযান চালানো হয়। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় প্রচলিত বিধিবিধান অনুসরণের বিষয়টিও তদারকি করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে মজুদ এবং সরবরাহ ব্যবস্থায় বাধা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দোকান ও প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো এবং পণ্য বিক্রির ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
বাজারে সচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তাদের উদ্দেশে অধিদপ্তর বলেছে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে বাজারে কৃত্রিম সংকট তৈরিতে ভূমিকা রাখা থেকে বিরত থাকতে হবে। কেনাকাটার আগে পণ্যের মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পণ্য কেনার সময় সঠিক ওজন নিশ্চিত করা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।
অধিদপ্তর আরও জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।




