রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই দিন মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পৃথক এ দুটি ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরের স্টিলের গেটে আগুন দেওয়া হয়। তবে আগুন কিছুক্ষণ পর নিজে থেকেই নিভে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিসত্মারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ নভেম্বর মিরপুর মডেল থানার আওতাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।
সেদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়।