রাজধানীতে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে একদিনেই ৫২০ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর এলাকায়। সেখানে ১৫২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁওয়ে ৭১, লালবাগে ৬২, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৫৩, উত্তরা বিভাগে ৪৩, রমনায় ৪০ এবং গুলশানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।
অভিযানে বিভিন্ন ধরনের মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০টি ইয়াবা, বিদেশি মদের ১১ বোতল, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং একটি গুলির খোসা। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




