রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে যাত্রী নামানোর জন্য বাসটি সেখানে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই আগুন জ্বলে ওঠে।
মিরপুর-১ এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক আলামিন জানান, বাসের চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনায় কেউ হতাহত হননি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বাসটিতে আগুন দেওয়ার পর পালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।




