দীর্ঘ অপেক্ষার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১১ ব্যাচের সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে সংস্থাটির ভেতরে তৈরি হয়েছে অসন্তোষ। জ্যেষ্ঠতার তালিকায় এগিয়ে থাকা একাধিক কর্মকর্তাকে বাদ দিয়ে তুলনামূলক পিছিয়ে থাকা ব্যক্তিদের পদোন্নতি দেওয়ায় প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
গত ১২ নভেম্বর দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন ও মোহাম্মদ ফয়সাল। তাঁদের মধ্যে দুজন আগে থেকেই পরিচালক পদে চলতি দায়িত্ব পালন করছিলেন।
প্রকাশিত জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে সাজ্জাদ হোসেন দ্বিতীয়, মাসুদুর রহমান তৃতীয়, সেলিনা আক্তার মনি ১২তম, ফারজানা ইয়াসমিন ১৩তম, হাফিজুল ইসলাম ১৭তম, নাজমুচ্ছায়াদাত ১৮তম এবং মোহাম্মদ ফয়সাল ২৫তম অবস্থানে রয়েছেন। অন্যদিকে তালিকার চতুর্থ থেকে একাদশ অবস্থানে থাকা কোনো কর্মকর্তা পদোন্নতি পাননি। এ ছাড়া ১৪ থেকে ২৪ নম্বর অবস্থানে থাকা একাধিক কর্মকর্তাও বাদ পড়েছেন।
এ নিয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা ও তদন্তকাজের দক্ষতার পরিবর্তে গোয়েন্দা প্রতিবেদন এবং প্রভাবশালী মহলের তদবিরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের মতে, দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা ও কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন না হলে কর্মকর্তাদের মনোবল কমে যায়, যা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে।
একাধিক কর্মকর্তা জানিয়েছেন, একই সময়ে চাকরিতে যোগ দিয়েও পদোন্নতির ক্ষেত্রে এমন বৈষম্য তৈরি হওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন অনুসন্ধান ও তদন্তের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই পদোন্নতির তালিকায় স্থান না পাওয়ায় প্রশ্ন উঠেছে।
তবে দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয় না। কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), চাকরির রেকর্ড, আর্থিক সততা, যোগ্যতা এবং গোয়েন্দা প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক সচিব মো. সাইদুর রহমান খান জানিয়েছেন, পাঁচ সদস্যের বিভাগীয় পদোন্নতি কমিটি যাচাই-বাছাই করে সাত কর্মকর্তাকে যোগ্য হিসেবে সুপারিশ করেছে। যাদের বিষয়ে আপত্তি রয়েছে, তাদের চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়নি। তাদের সম্পর্কে অন্য একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে নতুন প্রতিবেদন সংগ্রহ করা হবে। এ প্রক্রিয়ায় প্রায় এক মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি। তার দাবি, সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখেই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল ও তদন্ত) মো. মঈদুল ইসলাম পদোন্নতিতে বাইরের গোয়েন্দা প্রতিবেদনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, একজন কর্মকর্তার কর্মদক্ষতা ও সততা মূল্যায়নের জন্য এসিআর, চাকরির নথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মূল্যায়নই বেশি কার্যকর। কোনো অভিযোগ থাকলে যথাযথ বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত।
দুদক বিধিমালা ২০০৮ অনুযায়ী, পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতাই একমাত্র বিবেচ্য বিষয় নয়। নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশ, সন্তোষজনক চাকরির রেকর্ড, প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হয়। পরিচালক পদে পদোন্নতির জন্য উপ-পরিচালক হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ নির্ধারিত চাকরিকাল পূরণের বিধানও রয়েছে।
সব মিলিয়ে সাত কর্মকর্তার পদোন্নতি নতুন দায়িত্ব পালনের সুযোগ তৈরি করলেও বাদ পড়া কর্মকর্তাদের অসন্তোষে দুদকের অভ্যন্তরীণ পরিবেশে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে জ্যেষ্ঠতার তালিকা, গোয়েন্দা প্রতিবেদন এবং পদোন্নতির মানদণ্ড সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এ বিতর্ক কাটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।