মেয়েকে সাঁতার শেখাতে রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবে গিয়ে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পড়ে প্রাণ হারিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন (৭২)। শুক্রবার তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোশাররফ হোসেন বিসিএস ১৯৮১ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি বনানীতে পরিবার নিয়ে থাকতেন।
ক্লাবের একজন দায়িত্বশীল কর্মকর্তার তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি ক্লাবের মূল অফিসের দিকে যাচ্ছিলেন। এ সময় ভুল করে লিফটের বদলে সিঁড়ি দিয়ে নিচে নামেন। একপর্যায়ে বেজমেন্টে পৌঁছে বের হওয়ার পথ খুঁজে না পেয়ে অন্ধকারে হাঁটতে গিয়ে নির্মাণাধীন ভবনের একটি নিচু গর্তে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
এদিকে, দীর্ঘ সময় বাবাকে দেখতে না পেয়ে তার মেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ক্লাব কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, তিনি ক্লাবের বাইরে যাননি। এরপর অনুসন্ধান চালিয়ে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
ক্লাব সূত্র ও নিহতের ঘনিষ্ঠজনদের ভাষ্য, মোশাররফ হোসেনের চোখে আগে অস্ত্রোপচার হয়েছিল। ফলে তার দৃষ্টিশক্তি কিছুটা কম ছিল। পাশাপাশি তার স্মৃতিসংক্রান্ত সমস্যাও ছিল বলে জানা গেছে।
প্রথমে তাকে বারডেম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হিমাগারে রাখা হয়েছে। নিহতের দুই মেয়ের একজন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি দেশে ফেরার পর দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।