রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একটি পিলারের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভারের একটি পিলারের ভিমের ভেতরের সুরঙ্গ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক এস এম রাশেদুল ইসলাম জানান, ওই নারী ভাসমান অবস্থায় জীবনযাপন করতেন। ফ্লাইওভারের পিলারের ভেতরের জায়গাটিতে তিনি ঘুমাতেন বলে জানা গেছে। উদ্ধারের সময় মরদেহটি পচে ফুলে গিয়েছিল।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।




