শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজধানীর মিরপুরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েনের পাশাপাশি চলছে নিয়মিত টহল। তবে বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত এলাকায় কোনো শ্রমিক বিক্ষোভ বা বড় ধরনের জমায়েতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই মিরপুর-১১সহ আশপাশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বেলা ১১টা ৪০ মিনিটে জানান, সকাল থেকে অধিকাংশ এলাকায় শ্রমিকদের কোনো বিক্ষোভ হয়নি। ভাষানটেক এলাকায় কয়েকজন পোশাকশ্রমিক সড়কে এলেও পুলিশ পৌঁছানোর আগেই তারা সেখান থেকে সরে যান। বর্তমানে মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাম্প্রতিক সময়ে মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় আজও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতার মধ্য দিয়ে আপাতত শান্ত রয়েছে মিরপুরের পরিস্থিতি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় নিরাপত্তা নজরদারি অব্যাহত রয়েছে।