দুবাই থেকে দেশে ফিরেই বিমানবন্দরে ধরা পড়লেন এক যাত্রী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি স্বর্ণের বার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের অভিযানে এই স্বর্ণ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেলে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে নজরদারি বাড়িয়েছিলেন কর্মকর্তারা।
দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটে আসা এক যাত্রীর চলাফেরায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সব লাগেজ স্ক্যান করার পাশাপাশি শরীরেও স্ক্যান চালানো হয়। একপর্যায়ে ওই যাত্রী নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।
এরপর বিমানবন্দরে দায়িত্ব পালনকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে মোড়ক খুলে পাওয়া যায় ১৮টি স্বর্ণের বার।
প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের পরিমাণ ২ হাজার ১০৬ গ্রাম বা ২ কেজি ১০৬ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।




