রাজধানীর ফার্মগেটে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মেট্রোরেল স্টেশনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাস থেকে নির্গত ধোঁয়া স্টেশনে পৌঁছালে স্বয়ংক্রিয় অগ্নিসতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। সেখানে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসটি থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে। সেই ধোঁয়ার প্রভাবে মেট্রোরেল স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। হঠাৎ অ্যালার্ম শুনে স্টেশনে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অনেকে দ্রুত স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।




