রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুও রয়েছেন। পৃথক অভিযানে গানপাউডার ও ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য দুজন হলেন ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান ও কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত। বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বারিধারা ডিওএইচএস, গুলশান ও উত্তরা থেকে তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ আগস্ট রাতে বনানীর ডলফিন ভাস্কর্য ও আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল করে একটি দল। এ সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কারাবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি মুখোশ উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে মামলায়।
গানপাউডারসহ ডিবির হাতে তিনজন
রাজধানীর মিরপুর থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা হলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ এবং যুবলীগ নেত্রী মেঘলা মিলি।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা গানপাউডার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় আনা হয়েছিল।
তেজগাঁওয়ে গ্রেপ্তার ১৯
এদিকে মঙ্গলবার রাতে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। অভিযানে দুটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন ২৪ ঘণ্টায় ৭১ জন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে বিভিন্ন মামলা রয়েছে।




