ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বুধবার মিরপুর, কাফরুল, পল্লবী, সাভার, আশুলিয়া ও গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
মিরপুরের ১৩ ও ১৪ নম্বর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরোধ থেকে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আশপাশের কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে পুলিশের রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামে এক নারী শ্রমিক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কাফরুলে একটি ব্যাংকের জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে মিরপুর-১১ ও ১২ নম্বর এবং পল্লবী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ভাঙচুরের শিকার হয় একটি ট্রাফিক পুলিশ বক্স। পরিস্থিতির কারণে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি পল্লবী মেট্রোরেল স্টেশনের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
গাজীপুরে বোর্ডবাজার, সাইনবোর্ড, হারিকেন, কলম্বিয়া, ছয়দানা, ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা গাজীপুর মহানগর পুলিশের এক উপপুলিশ কমিশনারের ব্যবহৃত পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন। সাইনবোর্ড এলাকায় একটি পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়।
শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুরে ৩৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০টি কারখানায় বুধবারের জন্য ছুটি দেওয়া হয়। শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় আল মুসলিমসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে শিল্প পুলিশের সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হন। বিকেল ৪টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও সাধারণ ছুটির ঘটনা ঘটে। কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানার ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ ও একটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উসকানি ও নাশকতার অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী কয়েকটি কারখানা বন্ধও ঘোষণা করা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে পল্লবী থেকে একটি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। হেমায়েতপুর থেকে শ্রমিক নেতা হুমায়ুন কবিরকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।
শিল্পাঞ্চলজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় একদিকে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে তৈরি হয়েছে জনদুর্ভোগ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।




